সোনারগাঁয়ে ছিনতাই করা সিএনজি উদ্ধার, আটক ৪
ছিনতাইয়ের নয় দিন পর গত বৃহস্পতিবার রাতে ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন ইদ্রিস (৩৫), নজরুল ইসলাম (২২), সাজেদুল ইসলাম (২০) ও রফিকুল ইসলাম (২০)।পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে চালক আবদুল হকের অটোরিকশায় যাত্রীবেশে থাকা পাঁচজন মলম পার্টির সদস্য নিয়ে সোনারগাঁর কোবাগার উদ্দেশে রওনা হন। সাইদুর রহমান চৌধুুরী মার্কেট এলাকায় পৌঁছালে মলম পার্টির সদস্যরা আবদুল হকের চোখে পাউডার ছিটিয়ে কিল-ঘুষি মেরে অচেতন করে মুঠোফোন, টাকা ও অটোরিকশা নিয়ে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা চালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। আবদুল হক গত বুধবার রাতে কাশীপুর এলাকায় মলম পার্টির তিন সদস্যকে দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ আটক ব্যক্তিদের তথ্যানুযায়ী বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার ও ইদ্রিস মিয়াকে আটক করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবদুল হক সোনারগাঁ থানায় মামলা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী।