সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মালবাহী ট্রাক আশুগঞ্জে উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী থেকে ছিনতাই হওয়া পোলট্রি ফিড বোঝাই একটি ট্রাক গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই হওয়া ২০ বস্তা পোলট্রি ফিড পরে নরসিংদীর রায়পুরা উপজেলার একটি দোকান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গাজীপুরের জরিনা বাজার থেকে ৩৬০ বস্তা পোলট্রি ফিড বোঝাই একটি ট্রাক গত ২৩ জুন রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। ২৪ জুন ভোরে সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় এসে ট্রাকটি ছিনতাইকারীর কবলে পড়ে। ট্রাকচালক আল-আমিন (৩০) ও সহকারী অভি আহম্মেদকে (২২) অস্ত্রের মুখে ট্রাক থেকে নামিয়ে দেয় ছিনতাইকারীরা। পরে মালবোঝাই ট্রাকটি নিয়ে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে ট্রাকের মালিক আবুল কাশেম গত মঙ্গলবার সোনারগাঁ থানায় একটি মামলা করেন। আশুগঞ্জ থানার পুলিশ পাওয়ার হাউস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শুধু ট্রাকটি উদ্ধার করে। গতকাল সকালে ট্রাকটি সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এদিকে নরসিংদীর রায়পুরা থানা পুলিশ গতকাল সকালে মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২০ বস্তা পোলট্রি ফিড উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে মো. মাসুম ও মাসুম মিয়াকে আটক করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, অবশিষ্ট পোলট্রি ফিড উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।