সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ, হামলায় আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের সিংলাব গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের এ হামলায় আটজন আহত হয়েছে। এলাকাবাসী জানান, সিংলাব গ্রামের সুদেব চন্দ্র বিশ্বাসের সঙ্গে ঢাকায় বাসরত সালেহ আহাম্মেদের জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে সালেহ আহাম্মেদ ও তাঁর সহযোগী আবু মিয়া, কালা মিয়া ও শাহ আলমের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা ও রামদা-কিরিচ নিয়ে সুদেব চন্দ্রের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা চারটি ঘর ও একটি সমিতির কার্যালয় ভাঙচুর করে। হামলাকারীরা ১৭ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার, দুটি টিভি, দুটি ফ্রিজ ও ছয়টি মোবাইল ফোনসেট লুটে নিয়ে যায়।হামলাকারীরা গৃহকর্তা সুদেব চন্দ্র বিশ্বাস, দেবী রানী, কমলা রানী ও সমবায় সমিতির সদস্য বাহারুল, সুমন ও মীর হোসেনসহ আটজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় তিন মাসের শিশু জয়া মনিও আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা একটি মন্দির, পাঁচটি প্রতিমা ও আসবাবপত্র ভাঙচুর করে বলে সুদেব চন্দ্রের পরিবারের অভিযোগ। সুদেব চন্দ্রের দাবি, হামলায় তাঁর পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাড়িঘর ভেঙে দেওয়ায় তাঁরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, একাধিকবার সোনারগাঁ থানার সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য সালেহ আহাম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জিয়াউল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।