সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর
জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তেজেরচর গ্রামে গতকাল বুধবার একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তারা ওই পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নোয়াগাঁও ইউনিয়নের তেজেরচর গ্রামের তাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী বাদল মিয়ার দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে বাদল মিয়ার নেতৃত্বে কাইছার মিয়া, মাহফুজ হোসেনসহ ১০-১৫ জন ব্যক্তি রামদা, ছোরা, রড ও লাঠি নিয়ে তাজুলের বাড়িতে হামলা চালায়। তারা তাজুল, তাঁর মা জীবননেছা ও স্ত্রী ফারজানা ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাজুলের ঘরে ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাদল মিয়া হামলার অভিযোগ অস্বীকার করেছেন।