সোনারগাঁয়ে জাল টাকার নোটসহ এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রুপালি মার্কেটের ব্যবসায়ীরা গত বৃহস্পতিবার রাতে জাল টাকার নোটসহ মো. সোহেল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ব্যবসায়ীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সোহেল কাঁচপুর রুপালি মার্কেটে প্রবেশ করেন। এ সময় তিনি মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে বিনিময়ে যে টাকা দেন, তা জাল বলে প্রমাণিত হয়। ফলে মার্কেটের ব্যবসায়ীরা তাঁকে আটক করে রাখেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, সোহেলের কাছ থেকে একই সিরিয়ালের নম্বরের সাতটি এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত বলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সোহেলের বিরুদ্ধে হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আজম খান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন। গতকাল শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়।সোহেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে।