সোনারগাঁয়ে জুতা কারখানায় ডাকাতি, আট লাখ টাকার মাল লুট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি জুতা কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা কারখানার নৈশপ্রহরীকে পিটিয়ে টাকা ও মুঠোফোনসেটসহ প্রায় আট লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করেছে। স্টার শুজ কোম্পানির কারখানার ব্যবস্থাপক আল আমিন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কুতুবপুর এলাকায় তাঁদের কারখানায় ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা কারখানার নৈশপ্রহরী সিরাজ মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ও পিটিয়ে গুরুতর আহত করে। ডাকাতেরা কারখানা থেকে চার হাজার টাকা, মুঠোফোনসেট, ব্যাটারি, মোটর, সার্কিট ব্রেকারসহ আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আল আমিন অভিযোগ করেন, তিনি সোনারগাঁ থানায় ডাকাতির মামলা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ ডাকাতি মামলা না নিয়ে একটি চুরির মামলা রুজু করেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, প্রাথমিক তদন্তে স্টার শুজ কারখানায় চুরির ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছেন। এ কারণে চুরির মামলা নেওয়া হয়েছে।