সোনারগাঁয়ে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে জেলেদের ওপর হামলা এবং তাঁদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার এ হামলায় ১০ জেলে আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় বালুমহালের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে আহত ব্যক্তিরা অভিযোগ করেছেন।জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের মেঘনা নদীর তীরবর্তী ইরি ও বোরো ধানের ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে বালুমহালের ইজারাদারেরা অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। গ্রামের জেলেরা প্রতিবাদ করায় গতকাল বুধবার মাছ ধরতে যাওয়ার পর বালুমহালের ইজারাদারের লোক জাকির হোসেন, হোসেন আলী, মো. কাশেম, আবদুল লতিফ ও আলাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়।হামলায় নুনেরটেক গ্রামের মনির হোসেন, ইমান আলী, আনিস মিয়া, দুলাল মিয়াসহ ১০ জেলেকে মারধর করে জাল ও মাছ ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা গ্রামের ভেতর ঢুকে জেলে শিরিশ আলীর বাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করে টাকাসহ এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় শিরিশ আলীর মা জোবেদা বেগম ও তাঁর স্ত্রী ঝর্না আক্তারকেও মারধর করেন সন্ত্রাসীরা। সোনারগাঁর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন জানান, বালুমহালের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি স্থানীয় জেলেদের নদীতে মাছ ধরা কয়েক দিন ধরে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নুনেরটেক গ্রামে জেলেদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।