সোনারগাঁয়ে ঠিকাদারি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
একটি শিল্পপ্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত বুধবার রাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সঙ্গে দুই পক্ষের গুলিবিনিময় হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে মেঘনা নদীর তীরে একটি শিল্পপ্রতিষ্ঠানের বালু ভরাটকাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ নিয়ে মনারবাগ গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক ও পাশের মোবারকপুর গ্রামের সাবেক ইউপি সদস্য গাজী আবু তালেবের মধ্যে বুধবার সন্ধ্যায় বাগিবতণ্ডা হয়। রাত নয়টার দিকে আবু তালেবের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আবু বক্কর সিদ্দিকের লোকজনের ওপর হামলা চালায়। প্রথমে তারা আবু বক্কর পক্ষের রাজু আহমেঞ্চদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। এরপর তারা মাহমুদা বেগম, সানোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, বাবু মিয়া, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলমসহ ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আবু বক্কর সিদ্দিকের লোকজন পাল্টা হামলা চালায়। এতে আবু তালেবের পক্ষের আবুল কালাম, জামাল উদ্দিন, নোমান মিয়া, আওলাদ হোসেন, মোকলেস মিয়া, মোহামঞ্চদ আলী, আনোয়ারা বেগমসহ নয়জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালায় দুই পক্ষ। এতে আহত হন সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হোসেন, কনস্টেবল আল আমিন ও মোহামঞ্চদ সেলিম। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়লে উভয় পক্ষ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আবু তালেবের পক্ষের আরমান মিয়া গুলিবিদ্ধ ও দুজন নিরীহ গ্রামবাসী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্র (ক্লিনিক) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাজী আবু তালেব ও আবু বক্কর সিদ্দিক ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন। উভয়ে দাবি করেন, প্রতিপক্ষ হামলা চালালে তাঁরা পাল্টা হামলা চালান।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ৫২টি শেল ও ৩০টি রাবার বুলেট ছোড়া হয়। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের নাজিম উদ্দিন বাদী হয়ে গাজী আবু তালেবকে প্রধান আসামি করে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আবু তালেবের পক্ষের ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে। ওসি গতকাল বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।