সোনারগাঁয়ে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ ও আনন্দ শিপইয়ার্ডের কারখানার কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার শিকার কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, ডাকাতের দল ২০ কর্মকর্তা- কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে টাকা ও প্রায় ২০০টি মুঠোফোনসহ ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মেঘনা শিল্পনগর এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেড ইউনিট-২-এর কারখানার কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় আষাঢ়িয়ারচর এলাকার ওয়ার্কার শেডে থাকেন। গত সোমবার রাতে তিনটি ট্রলারযোগে ৩৫-৪০ জনের একদল ডাকাত পিস্তল, রামদা, চাপাতিসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হানা দেয়। ডাকাতেরা কর্মকর্তা-কর্মচারীদের ১৭০টি মুঠোফোন, টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতেরা কারখানার সিকিউরিটি ইনচার্জ মো. নবী আলী, শ্রমিক মো. মসিউর রহমান, মো. জহুরুল ইসলাম, আতাউর রহমানসহ ২০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। সেখানে লুটপাট করার পর তারা পার্শ্ববর্তী গঙ্গানগর গ্রামের ওসমান গনির বাড়িতে হানা দেয়। ওই বাড়িতে বসুন্ধরা ও মেঘনা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ভাড়া থাকেন। ডাকাতেরা সেখানকার ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর ৩৫টি মুঠোফোন, স্বর্ণালংকার, তিন লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সেখানে সাইদুর, কাশেম, মালেকসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে ডাকাতেরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) মো. মিজানুর রহমান ও বাড়ির মালিক ওসমান গনির বড় ছেলে দ্বীন ইসলাম বাদী হয়ে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। মো. মিজানুর রহমান জানান, এ ঘটনার পর থেকে মেঘনা শিল্পনগরে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।