সোনারগাঁয়ে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আল আমিন (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাডাত্তা এলাকার একটি পুকুর থেকে পুলিশ তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে। ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন আল আমিন। তিনি বন্দর উপজেলার মুরাদপুর গ্রামের ইমতিয়াজের ছেলে।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, পাডাত্তা এলাকার একটি পুকুরে আল আমিনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আল আমিনের বাবা ইমতিয়াজ জানান, ১১ আগস্ট দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আল আমিন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে গিয়ে তিনি আল আমিনের লাশ শনাক্ত করেন।