সোনারগাঁয়ে তিন মাস ধরে গৃহবধূ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ গ্রাম থেকে নিপা আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিপার বাবার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ফুলকুচি গ্রামে। নিপার ভাই আনোয়ার হোসেনের অভিযোগ—যৌতুকের জন্য নিপাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজন। গতকাল শুক্রবার সোনারগাঁ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।আনোয়ার হোসেন জানান, ২০০৯ সালের জুলাই মাসে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের হেলাল মো. চাঁন বাদশার (২৭) সঙ্গে নিপার বিয়ে হয়। বিয়ের মাত্র তিন মাস পর থেকে যৌতুকের দাবিতে নিপার ওপর নির্যাতন শুরু করেন তাঁর স্বামী। গত তিন মাস আগে নিপার শ্বশুরবাড়ির লোকজন মুঠোফোনে তাঁকে জানান যে কয়েক দিন ধরে নিপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ পেয়ে তিনি নিপার শ্বশুরবাড়ি গিয়ে দেখেন ওই বাড়ির প্রত্যেকটি ঘরে তালা দেওয়া। এ ঘটনায় আনোয়ার হোসেন গত ৭ মে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। আনোয়ার হোসেনের অভিযোগ, পুলিশ এ ঘটনার কোনো তদন্ত করছে না। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, নিপার নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।