সোনারগাঁয়ে থানা থেকে ছিনতাইকারীদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক দুই যুবককে প্রভাবশালীদের চাপের মুখে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা তাদের ছাড়িয়ে নিয়েছেন। সোনারগাঁ থানা সূত্র জানিয়েছে, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ব্যবসায়ী মনসুর আহম্মেদ সোনারগাঁর মোগড়াপাড়া চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ওঠেন। কিছু দূর যাওয়ার পর মাইক্রোবাসে থাকা কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর তারা তাঁকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেয়। মনসুর আরেকটি গাড়ি নিয়ে তাদের ধাওয়া করেন এবং ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এসে একটি সিএনজি স্টেশনে ওই গাড়িটি দেখতে পান। তিনি যাত্রাবাড়ী থানার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মাইক্রোবাসসহ জাকির (৩২) ও জুয়েল (২৮) নামের দুই যুবককে আটক করে। যাত্রাবাড়ী থানার পুলিশ গাড়ি আটক রেখে ওই দুজনকে বিকেলে সোনারগাঁ থানায় পাঠায়। মনসুর অভিযোগ করেন, জাকির ও জুয়েলকে সোনারগাঁ থানায় হস্তান্তর করার পর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে ওসি আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হন। মনসুর আহম্মেদ দাবি করেন, নেতা-কর্মীদের চাপের মুখে তিনি ছিনতাইকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করতে বাধ্য হন। তবে ওসি ইউনুস আলী বলেন, বাদী কারও নাম উল্লেখ করে অভিযোগ না করায় আটককৃতদের ছেড়ে দিতে হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ছিনতাইকারীদের ছাড়িয়ে নেওয়ার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত কি না, তা তাঁর জানা নেই। জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।