সোনারগাঁয়ে দর্শনার্থীর ভিড়
ঈদের ছুটি উপভোগ করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন বিনোদনকেন্দ্রে হাজারো দর্শনার্থীর ভিড়। গতকাল শুক্রবার এই ভিড় ছিল চোখে পড়ার মতো।
ঈদের পরদিন বুধবার, বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগর, বাংলার তাজমহল ও বৈদ্যেরবাজারে মেঘনা নদীতে সরেজমিনে দেখা গেছে, প্রতিটি বিনোদনকেন্দ্র ছিল লোকে লোকারণ্য। সোনারগাঁয়ে বিভিন্ন পুরাকীর্তি, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, পাঁচ পিরের দরগাহ, টাঁকশাল বাড়ি, গোয়ালদী শাহি মসজিদ, খাসনগর দিঘিসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে রাজধানী ও আশপাশের বিভিন্ন জেলার দর্শনার্থীরা আসেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে এ বছর লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো সোনারগাঁ। বিনোদনের জন্য ফাউন্ডেশনের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়।
ফাউন্ডেশনের ভেতরে হ্রদে দর্শনার্থীদের নৌভ্রমণ, বনভোজন, গানের আসরের আয়োজন করা হয়। সেখানে কথা হয় ঢাকার মিরপুর থেকে আসা ইমতিয়াজ আহমেদ ও তাঁর স্ত্রী শরীফা বেগমের সঙ্গে। তাঁরা বলেন, ছেলেমেয়েদের নিয়ে পুরো পরিবার সোনারগাঁয়ে এই প্রথমবারের মতো বেড়াতে এসেছেন। বিভিন্ন পুরাকীর্তি ও ঐতিহাসিক নিদর্শন দেখে তাঁরা মুগ্ধ।
গাজীপুরের টঙ্গী থেকে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান হাসান ও আসাদুজ্জামান বলেন, সোনারগাঁয়ে ছায়াঢাকা নিবিড় পরিবেশ ও ঐতিহাসিক নিদর্শন দেখে তাঁদের খুব ভালো লেগেছে। এ ছাড়া তাঁরা মেঘনা নদীতে নৌভ্রমণও করেছেন। এতে বেশ আনন্দ পেয়েছেন তাঁরা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদের পরদিন থেকে বিভিন্ন বিনোদনকেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।