সোনারগাঁয়ে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার মেঘনাঘাট শিল্পনগর এলাকার ঠিকাদার আরিফ আহমেদ অভিযোগে উল্লেখ করেন, গতকাল দুপুর দুইটার দিকে তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদার হান্নান ব্যাপারি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল কিনতে ব্যক্তিগত গাড়িযোগে ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁদমহল সিনেমা হল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে তাঁদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নামধারী ক্যাডার আলম, কৃষ্ণা ও বশিরের নেতৃত্বে আট-দশজনের একটি দল তাঁদের অস্ত্র দেখিয়ে জিম্মি করে এবং মারধর করে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে বিভিন্ন পরিবহনের যাত্রীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁরা প্রাথমিক চিকিত্সা নেন। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতরা কেউই ছাত্রলীগের কমিটিতে নেই। তারা ছাত্রলীগের নাম ব্যবহার করছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, ব্যবসায়ী আরিফ আহমেদ থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।