সোনারগাঁয়ে দিনভর বিক্ষোভ ফারহানার বাড়িতে শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপ-জেলার চর গোয়ালদী গ্রামের কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমির আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগে শামীম মিয়াকে গ্রেপ্তার ও তাঁর শাস্তির দাবিতে গতকাল রোববার দিনভর বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল ফারহানার বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সান্ত্বনা দিয়েছেন।শ্লীলতাহানির অপমান সইতে না পেরে শনিবার ফারহানা ইসলাম আত্মহত্যা করে। এর আগে একই গ্রামের শামীম মিয়া (৩১) নামের স্থানীয় এক ব্যক্তি প্রকাশ্যে তার শ্লীলতাহানি করেন। ফারহানা সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শামীমের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের করেন। এরপর কলেজের সামনের সড়কে মানববন্ধন করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কলেজের মাঠে সমাবেশ হয়। তাঁদের সঙ্গে যোগ দেন সোনারগাঁ কাজী ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন, হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয়, চৌধুরীগাঁও বালিকা উচ্চবিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন, মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সমাবেশে বক্তব্য দেন।উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান বলেন, ‘শামীমকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বিকেলে ফারহানার বাড়িতে গিয়ে তার বাবা রফিকুল ইসলাম ও মা সানোয়ারা বেগমসহ স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় মন্ত্রী বলেন, ‘ফারহানার আত্মহত্যায় প্ররোচনাকারী শামীম মিয়া একজন খুনি। আমরা তাঁকে খুনি হিসেবেই চিহ্নিত করব। তাঁকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে আবারও সমাবেশ হয়। শিক্ষামন্ত্রী এই সমাবেশে বক্তব্য দেন। এ সময় শামীমের শাস্তির দাবিতে কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি মন্ত্রীকে দেওয়া হয়।আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার আসামি শামীম মিয়া ও তাঁর ভাই শাহজালালকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বিক্ষুব্ধ জনতা শামীমের বাড়িতে ভাঙচুর করেছে।ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় ফারহানার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।ফারহানা শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তার গতিরোধ করেন একটি ওষুধ কোম্পানির গাড়িচালক শামীম মিয়া। তিনি এ সময় প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ফারহানার শ্লীলতাহানি ঘটান। একপর্যায়ে মেয়েটির ওড়না ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান শামীম। পরে ফারহানা অপমান-লজ্জায় স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে রাস্তার একই স্থানে গিয়ে পান করে। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুর জন্য শামীমকে দায়ী করে ফারহানা একটি চিরকুট লিখে যায়।ফারহানার আত্মহত্যায় প্ররোচনাকারী শামীমের শাস্তির দাবিতে সোনারগাঁ নাগরিক কমিটি, সোনারগাঁ মহিলা সংস্থা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র বিবৃতি দিয়েছে।শামীম এর আগেও ফারহানাকে নানাভাবে প্রস্তাব দেন ও হয়রানি করেন। বছর খানেক আগে বাড়িতে হামলা করে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।