সোনারগাঁয়ে দুই গ্রামের কয়েক হাজার মানুষ আশ্রয়হীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাবেষ্টিত চর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই। কাঁচা ঘরবাড়ি ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটছে গ্রামের অধিকাংশ মানুষের। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রাম দুটিতে গিয়ে শত শত মানুষকে ঘরবাড়ি হারিয়ে ও জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় কান্নাকাটি করতে দেখা যায়। চর কিশোরগঞ্জ গ্রামের বাসিন্দা ছালেহা, দেলোয়ার, কুদ্দুস আলী, গিয়াস উদ্দিন, অলি উল্লাহ ও মতিন জানান, তাঁরা এখন নিঃস্ব হয়ে গেছেন। মাথা গোঁজার মতো তাঁদের ঠাঁই নেই। গতকাল সকালে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন। সাংসদ প্রতি পরিবারকে নগদ টাকা দিয়ে সহায়তা করেন। ইউএনও নূর্সিয়া কমল জানান, দুটি গ্রামের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।গত বুধবার সন্ধ্যা ছয়টায় কালবৈশাখীতে চর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের মানুষের তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ও কয়েক হাজার গাছপালা উপড়ে যায়। নষ্ট হয়ে যায় দুটি গ্রামের মানুষের এক হাজার বিঘা আলু ও পটলসহ বিভিন্ন ফসল।