নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বাজারে গত বৃহস্পতিবার রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এতে পুলিশ ও উভয় গ্রামের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মঙ্গলেরগাঁও গ্রামের জিয়াউল হক ও দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূঁইয়া গতকাল শুক্রবার দুপুরে সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, কাজের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের রাজমিস্ত্রি দ্বীন ইসলাম ও সোহরাবের মধ্যে মঙ্গলেরগাঁও বাজারে কথাকাটাকাটি হয়। এ সময় একই গ্রামের জিয়াউল হক তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে এলে পাশের দুধঘাটা গ্রামের রোমান মিয়া তাতে বাধা দেন। একপর্যায়ে রোমান ও তাঁর সহযোগী সাদেক মিয়া উত্তেজিত হয়ে জিয়াউলকে মারধর করেন। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে দুধঘাটা গ্রামের রোমান, সাদেক, নজরুল, খোকন, ছানা, আসাদুল ও হাফেজের নেতৃত্বে অন্তত ১০০ জনের একটি দল মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা, দা, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মঙ্গলেরগাঁও বাজার ও গ্রামে হামলা চালায়। তারা বাজারে মোশারফের রড-সিমেন্টের দোকান, আবু সিদ্দিকের ভাই ভাই স্টোর, আমির হোসেন, সাদেক, সালাউদ্দিন, সিরাজের ভ্যারাইটিজ স্টোরসহ ১৫-২০টি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময় তারা সুরুজ ও সিরাজ মিয়ার তিনটি ঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।এ ঘটনায় মঙ্গলেরগাঁও গ্রামের লোকজন সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে দুধঘাটা গ্রামে পাল্টা হামলা চালায়। মুহূর্তে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে এবং তিনটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দুই গ্রামের বাসিন্দা ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম, কনস্টেবল আবদুল হাই, মাসুদ, আমিনুল, হাওলাদার ওমর গুরুতর আহত হন। মঙ্গলেরগাঁও বাজারের আবদুল জলিল মিয়া, ব্যবসায়ী মোশারফ ও সালাউদ্দিন জানান, দুধঘাটা গ্রামের লোকজন মঙ্গলেরগাঁও বাজারের ১৫-২০টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে তাঁদের প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন মালামাল ক্ষতি হয়েছে।দুধঘাটা গ্রামের কারও বক্তব্য পাওয়া যায়নি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করাসহ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।