সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার দারুগোল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার দারুগোল্লা এলাকার তারা মিয়ার সঙ্গে একই গ্রামের সিরাজ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল দুপুরে সিরাজ উদ্দিন ও কফিল উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন তারা মিয়ার ওপর হামলা চালান। তাঁকে বাঁচাতে গিয়ে সেলিনা, সামসুদ্দিন, আকলিমা, আলীম, মাহাবুব, রাজু মিয়া, সীমা আক্তার ও শিশু রাকিব আহত হয়। পরে তাঁরা একত্রিত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে সিরাজ উদ্দিন, কফিল উদ্দিন, সুফিয়া খাতুন ও তমিজ উদ্দিনকে কুপিয়ে জখম করেন। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন।
আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
আহত তারা মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমাদের কয়েকজনকে কুপিয়ে জখম করেছে।’ এ বিষয়ে সিরাজ উদ্দিন বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।