সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ২০ জন আহত হন।
উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যপদে নির্বাচনে এক প্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গোয়ালপাড়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদপ্রার্থী ও চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা পনির মুন্সীর পোস্টার ছিঁড়ে ফেলেন অপর প্রার্থী ও গোয়ালপাড়া গ্রামের সেলিম মিয়ার লোকজন। এর জের ধরে গতকাল সকাল নয়টার দিকে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ সময় স্থানীয় শান্তির বাজার হাটে উভয় পক্ষের ১০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, উভয় পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।