সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওটমা গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের ১১ জন আহত হন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওটমা গ্রামের মোমেন মিয়ার সঙ্গে একই গ্রামের শাহ আলমের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। গতকাল সন্ধ্যায় দুজনের কথা-কাটাকাটি হয়। পরে শাহ আলমের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোমেন মিয়া, জায়েতুন নেছা, আশরাফুল ইসলাম, জাহিদ মিয়া, নূরে আলম, শিউলি আক্তার ও রবিউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। খবর পেয়ে মোমেন মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে শাহ আলম, তাসলিমা আক্তার, শাহাদাত হোসেন ও সায়েম মিয়াকে পিটিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।