সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার উলুকান্দি গ্রামের চান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবুল হোসেনের জমি নিয়ে বিরোধ চলছে। এলাকাবাসী তাঁদের এই বিরোধ মীমাংসা করার জন্য গতকাল চান মিয়ার বাড়িতে সালিস বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন আবুল হোসেনের সঙ্গে গ্রাম্য মাতব্বর শাহাদাত হোসেনের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে আবুল হোসেন ও শাহাদাত হোসেনের পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।শাহাদাত হোসেন অভিযোগ করেন, আবুল হোসেন ও তাঁর ভাতিজা কালুর নেতৃত্বে ১৫-২০ জন তাঁদের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় সিরাজুল ইসলাম, কাদির মিয়া, অহিদুল মিয়া, মজিবুর রহমান, সেলিম হোসেন, শাহিন মিয়া, সাব্বির আহাম্মেদ, খুরশিদ আলম, শাহ আলম, হযরত আলীসহ ১০ জন আহত হয়। আবুল হোসেন অভিযোগ করেন, শাহাদাত হোসেনের পক্ষের লোকজনের হামলায় তাঁদের পক্ষের সেলিম মিয়া, কামাল হোসেন, দ্বীন ইসলামসহ পাঁচজন আহত হয়েছে।