সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে গতকাল রোববার এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। সংঘর্ষে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ২৫ জন মারাত্মক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাটে গতকাল রোববার এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলী আকবর ও বর্তমান ইউপি সদস্য আশরাফ প্রধানের দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে গতকাল দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আলী আকবর পক্ষের আলী আকবর (৪৮), স্বপন (৩০), খোকন (২৫), শামসুল হকসহ (৪৫) ১৫ জন এবং আশরাফ প্রধান পক্ষের আশরাফ প্রধান (৩৮), সাহাবুদ্দিন (৩৫), তাজুলসহ (৪০) ১০ জন আহত হন। এ সময় এক পক্ষ অপর পক্ষের বাড়িঘর ভাঙচুর করে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।