সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় প্রায় তিন ঘণ্টা কলতাপাড়া-মুছারচর সড়ক অবরোধ করে রাখা হয়।স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ৩১ অক্টোবর উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া ও তিলাব গ্রামের মধ্যে ক্রিকেট খেলা হয়। খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে গতকাল বিকেলে তিলাব গ্রামে সালিস বৈঠক বসে। বৈঠকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় পাশের মুছারচর গ্রামের বাসিন্দারাও এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কলতাপাড়া ও তিলাব গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মুছারচর গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে কলতাপাড়া ও তিলাব গ্রামের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে পনির হোসেন (২২), রুবেল মিয়া (২০), শাহাজালাল হোসেন (২৫), আনোয়ার হোসেন (৪০), আতাউর রহমান (৫৫), জহিরুল হক (১৭), আলামিন মিয়া (২১), ইমরান হোসেনসহ (১৮) কমপক্ষে ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, কলতাপাড়া গ্রামের লোকজন কলতাপাড়া-মুছারচর সড়কের পাঁচটি স্থানে গাছ ও ড্রেজারের পাইপ ফেলে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেঁটা, বল্লম, রামদা, চায়নিজ কুড়াল, লোহার রড ও লাঠিসোঁটা ব্যবহূত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।