সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ নারী পুরুষ আহত
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দরপত গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, সোনারগাঁ পৌরসভার দরপত গ্রামের দুই প্রতিবেশী খাজা মিয়া ও দয়াল মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দীর্ঘদিনের বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে দয়াল মিয়া বিরোধপূর্ণ একটি জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করলে খাজা মিয়ার লোকজন এতে বাধা দেয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় খাজা মিয়ার পক্ষের শাহীন শাহা (৩০), খাজা মিয়া (৩৫), সাগর (২৮), আয়নাল (২৫), আসমা (২৫), জহুরা বেগম (২২) এবং দয়াল মিয়ার পক্ষের দয়াল মিয়া (৪৫), লতিফ মিয়া (৬০), দিলু মিয়াসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ওসি আরও জানান, এ ঘটনায় থানায় দুই পক্ষের লোকজনই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে।