সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ২৫ জন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গণসংযোগ করা নিয়ে গতকাল মঙ্গলবার দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব সরকার গণসংযোগ করতে দামোদরদী গ্রামে যাচ্ছিলেন। পথে আনন্দবাজারে অপর চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আবু তালেবের সমর্থক একদল যুবক তাকে বাধা দেয়। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে টেঁটা, বল্লম, রামদাসহ দেশি বিভিন্ন অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে মাহবুব সরকার পক্ষের দামোদরদী গ্রামের বাসিন্দা ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বাসেদ মিয়ার ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের জিন্নাহ মিয়া (৩৫), আমির হোসেন (৩০), আবু বক্কর (২৭), আলী হোসেন (২৪), কালামসহ (৩৭) ১৫ জন আহত হন। গাজী আবু তালেব পক্ষের আহত হন দিদার (২৪), শফিক (২৮), মোক্তার (২৫), আজগর (২০), মো. রনিসহ (২৭) ১০ জন। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব সরকার বলেন, ‘আমি ভোট চাইতে গিয়ে বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হচ্ছি। এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার সমর্থকদের টেঁটাবিদ্ধ ও কুপিয়ে আহত করা হয়েছে।’ অপর চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আবু তালেব পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমার লোকজনের ওপরই প্রথম হামলা হয়। আমার সমর্থকেরা কারও গণসংযোগে বাধা দেয়নি।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।