সোনারগাঁয়ে দুই বোনকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রংপুর থেকে বেড়াতে আসা মেধাবী ছাত্রী দুই বোনকে গণধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকার সচেতন জনগণ, সামাজিক প্রতিষ্ঠান সুবর্ণগ্রাম ও বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁ গ্রামের ফজলুল হক। এতে অভিযোগ করা হয়, গত ২৮ মে রংপুর থেকে চাচার বাড়ি সোনারগাঁওয়ের পাঁচআনি গ্রামে যাচ্ছিলেন দুই বোন। তাঁদের চাচা মো. মাহাবুব এ সময় সঙ্গে ছিলেন। রাত আটটার দিকে সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁ গ্রামে পৌঁছালে শাহ আলম, খোকন, ইমদাদ, ইকবাল, জিয়া ও নুরুল ইসলাম তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা মাহাবুবকে গাছের সঙ্গে বেঁধে রেখে দুই বোনকে ধর্ষণ করে। ওই ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। কিন্তু তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আর বিচার না পেয়ে ক্ষোভে-অভিমানে ওই দুই বোন সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করে। সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, শাহানারা বেগম, রিনা আহমেদ, জিয়া হায়দার, মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।