সোনারগাঁয়ে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার একজনকে আটক করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে গতকাল সকাল ১০টার দিকে মল্লিকেরপাড়া গ্রাম থেকে মুখোশধারী পাঁচ সন্ত্রাসী অপহরণের চেষ্টা করে। তাকে জোর করে মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করলে ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই এলাকার আসাদের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার থানায় অপহরণের চেষ্টা ও ইভ টিজিংয়ের অভিযোগ করেন। পুলিশ আসাদকে আটক করেছে। অন্যদিকে গতকালই এ ঘটনার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে উপজেলার এশিয়ান হাইওয়ে রুটে আরেকজন স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে রাস্তা থেকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার পথে তিন কিলোমিটার দূরে নয়াপুরবাজার এলাকায় আসার পর মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে মাইক্রোবাস থেকে তাকে নামিয়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এলাকাবাসীর ধারণা, এ দুটি ঘটনার সঙ্গে একই চক্র জড়িত। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, আসাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।