সোনারগাঁয়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানের অংশ মেঘনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বুধবার রাতে দুটি শিল্পপ্রতিষ্ঠানের কিছু জায়গা মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। এ ঘটনায় সেখানে কর্মরত কয়েক শ শ্রমিক আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এতে পায়ের নিচে চাপা পড়ে উভয় প্রতিষ্ঠানের কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। প্রতিষ্ঠান দুটির মালপত্র পানির নিচে তলিয়ে গিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, রাত আটটার দিকে হঠাত্ মেঘনা নদীর তীরে অবস্থিত মদিনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টাইগার ব্র্যান্ড সিমেন্ট কারখানা ও পার্শ্ববর্তী আনন্দ শিপইয়ার্ডের সীমানাপ্রাচীর ধসে পড়ে। এর পরই প্রতিষ্ঠান দুটির ভেতরের কিছু জায়গার স্থাপনাসহ মালামাল নদীতে বিলীন হয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটিতে কর্মরত কয়েক শ শ্রমিকের আতঙ্কে ছোটাছুটির একপর্যায়ে পায়ের নিচে চাপা পড়ে কমপক্ষে ১০ জন আহত হন।মদিনা গ্রুপের সুপারভাইজার আবদুল কাদের জানান, কারখানার জেটি, তেলের ট্যাংক ও মজুদ রাখা মালামাল পানিতে তলিয়ে কারখানার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক দুলাল মিয়া জানান, লোহার প্লেটসহ মালামাল নদীতে তলিয়ে গিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।