সোনারগাঁয়ে নকল আইসক্রিম ও জুসসহ ট্রাক আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে গতকাল মঙ্গলবার সকালে হাইওয়ে পুলিশ ট্রাকভর্তি বিপুল পরিমাণ নকল আইসক্রিম, জুসসহ একজনকে আটক করেছে। পুলিশের হাতে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ইমতিয়াজ জানান, ঢাকার কামরাঙ্গীরচর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৪-৪৪৪৩) ভোর ছয়টার দিকে কাঁচপুর এলাকা দিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। ট্রাকটি আটক করা হলে এর চালক জানান, এটি কক্সবাজারের চকরিয়া যাচ্ছে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে বিএসটিআইয়ের সিল ছাড়া বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো বিপুল পরিমাণ নকল আইসক্রিম ও জুস পাওয়া যায়। বিক্রির উদ্দেশ্যে সেগুলো চকরিয়ায় নেওয়া হচ্ছিল।পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মালামালের সঙ্গে থাকা ভোলার চরফ্যাশন উপজেলার নাংগাপাথা গ্রামের আবুল হোসেনের ছেলে এনায়েত হোসেনকে (২৮) আটক করে। এ ছাড়া ট্রাকের মালামালও জব্দ করা হয়। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এনায়েতকে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।পুলিশ জানায়, জব্দ করা মালামাল আদালতের নির্দেশে ধ্বংস করে ফেলা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। সাজাপ্রাপ্ত এনায়েত সোনারগাঁর ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি ভুয়া কোম্পানির হয়ে কাজ করছিলেন। ওই কোম্পানির মালিককে ধরার চেষ্টা চলছে। ট্রাকচালক ও হেলপার এর সঙ্গে জড়িত না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।