সোনারগাঁয়ে নলকূপের পাইপে গ্যাস
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর হোগলা গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গতকাল সোমবার বাংলা পেট্রলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আগামী সপ্তাহ থেকে জরিপকাজ চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন।তবে এটা বায়োগ্যাস নাকি প্রাকৃতিক গ্যাস, তা রাসায়নিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল-আমিন গত রোববার ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর তদন্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর হোগলা গ্রামের আবদুর রউফ মিয়া দুই বছর আগে তাঁর বাড়িতে একটি নলকূপ বসান। ওই নলকূপের পাইপ ১২০ ফুট গভীরে ঢোকালে শোঁ শোঁ শব্দ হতে থাকে। ৪০০ ফুট পাইপ বসানোর চিন্তা থাকলেও ১২০ ফুট বসানোর পর কাজ স্থগিত রাখা হয়।এত দিন বুঝতে না পারলেও এক মাস ধরে নলকূপের পাইপ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। প্রথমে বিষয়টি আবদুর রউফ কাউকে না জানিয়ে ওই গ্যাস দিয়ে রান্নার কাজ করেন। পরে জানাজানি হয়ে যাওয়ায় এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।বাড়ির মালিক আবদুর রউফ জানান, নলকূপের মাথায় পাইপ সংযোগ দিয়ে তিনি এক মাস ধরে রান্নার কাজ চালিয়ে যাচ্ছেন। দুই বছর আগে নলকূপ বসানোর সময় তিনি বিষয়টি বুঝতে পারেননি।চর হোগলা গ্রামে গতকাল গিয়ে দেখা যায়, গ্যাস দেখতে এলাকার লোকজন সেখানে জড়ো হয়েছে। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা থেকে বাপেক্সের ব্যবস্থাপক রেজাউল হালিম ও উপব্যবস্থাপক এস এম নাফিফুন আরহাম গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা নিয়ে গেছেন।রেজাউল হালিম বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পরই বোঝা যাবে এটি প্রাকৃতিক গ্যাস, নাকি বায়োগ্যাস। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পরীক্ষার পর আগামী সপ্তাহ থেকে আমরা জরিপকাজ শুরু করব।’সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘আমি বিষয়টি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ‘প্রাথমিক তদন্তে প্রাকৃতিক গ্যাস বলে মনে হচ্ছে। ইতিমধ্যে ওই স্থানকে আমরা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছি। সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বলেন, ‘আমাদের এলাকায় গ্যাসের খবরে পুরো গ্রামে কয়েক দিন ধরে আনন্দের বন্যা বইছে।’