সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে কলেজছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দিতে গতকাল বুধবার মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকের ধাক্কায় সাতটি রিকশা, দুটি বেবিট্যাক্সি ও একটি দোকান দুমড়েমুচড়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক কলেজছাত্রী মারা যান এবং আহত হন ১৫ পথচারী। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (সম্মান) ছাত্রী রুনা আক্তার গতকাল সকালে চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। রুনা উপজেলার দড়িকান্দি গ্রামের সালাউদ্দিন মিয়ার মেয়ে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে যান। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।