সোনারগাঁয়ে পুলিশ পরিচয়ে তেলবাহী ট্রাক ছিনতাই
চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ায় আসার পথে গত রোববার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর থেকে একটি ভোজ্যতেলবাহী ট্রাক ছিনতাই হয়েছে। পুলিশ পরিচয়ে দুর্বৃত্তরা ট্রাকটি ছিনতাই করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।ট্রাকের মালিক রফিকুল ইসলাম জানান, দুপচাঁচিয়া মোকাম থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৬১০৩) চাল নিয়ে চট্টগ্রামে যায়। সেখান থেকে দুপচাঁচিয়ার ব্যবসায়ী পরিমল সাহার ভোজ্যতেল নিয়ে ফিরছিল। পথে সোনারগাঁয়ের মদনপুরে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা একটি মাইক্রোবাস ট্রাকটি অতিক্রম করে সামনে এসে থামানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে চালক গোলাম রব্বানী ট্রাকটি থামান। পুলিশের কাছে ট্রাক ও ভোজ্যতেলের কাগজপত্র দেখাতে গেলে ছদ্মবেশী পুলিশ তাঁদের জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে আড়াইহাজার নামক স্থানে নামিয়ে দেয়। অপরদিকে, ছিনতাইকারী দলের অন্য সদস্যরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। তেল ব্যবসায়ী পরিমল সাহা জানান, ছিনতাই হওয়া ট্রাকে ৬০ ড্রাম ভোজ্যতেল ছিল, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা। ট্রাক ছিনতাইয়ের বিষয়টি দুপচাঁচিয়া ট্রাক ব্যবসায়ী মালিক সমিতি ও ট্রাক শ্রমিক নেতারা সোমবার সকালে দুপচাঁচিয়া থানা পুলিশকে অবহিত করেন। এ ছাড়া ট্রাকের মালিক ও তেল ব্যবসায়ীদের পক্ষ থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ পুলিশ নিয়ন্ত্রণকক্ষকে জানানো হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, মালবাহী ট্রাকটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। ট্রাকমালিকের অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হয়েছে।