সোনারগাঁয়ে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার ডাকাত-পুলিশ গোলাগুলির ঘটনায় লুট হওয়া পুলিশের একটি অস্ত্র গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ১১ ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, উপজেলার টিপুরদী এলাকার রেজা ফেব্রিকসে গত বৃহস্পতিবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদারের কাছ থেকে একটি পিস্তল লুট করে নিয়ে যায় এবং তাঁকে কুপিয়ে আহত করে। এর পর থেকে গতকাল পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল পুলিশ রিমান্ডে থাকা ডাকাত দেলোয়ারের স্বীকারোক্তিতে সোনারগাঁ থানার পুলিশের একটি দল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনারচর গ্রামের একটি মসজিদের মিনার থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার নুরনবী, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শহীদ ও সোনারগাঁ উপজেলার ভাটি বন্দর গ্রামের নাজিরকে গ্রেপ্তার করা হয়।ওসি আরও জানান, আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।