সোনারগাঁয়ে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
এক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রতিবাদে ও বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকালে বিক্ষোভ করেছেন। শ্রমিকেরা ব্যাপক ভাঙচুর চালান। এ সময় একজন সংবাদকর্মী ও ১০ জন শ্রমিক আহত হয়েছেন।বিক্ষোভ চলাকালে ছবি তুলতে গেলে বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির ক্যামেরাম্যান আল আমিনকে পিটিয়ে আহত করেন শ্রমিকেরা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া শ্রমিকদের ছোড়া ইটের টুকরার আঘাতে নাজমা, নাসির, সজীব, কুদ্দুস, আমির, আলমগীরসহ অন্তত ১০ জন শ্রমিক আহত হন।ওই কারখানার শ্রমিক শায়লা, নাসির ও আলী আকবর বলেন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরিয়ে অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। নতুন কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ছাড়া কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি না করায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।এসকোয়্যার গার্মেন্টের পরিচালক এহসানুল করিম বলেন, কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হয়নি। কয়েকজন শ্রমিক গুজব ছড়িয়ে অন্য শ্রমিকদের উসকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।