সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় শিল্পপতিসহ আহত ৮, আটক ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোবাগা গ্রামে গতকাল শুক্রবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিল্পপতিসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, কোবাগা গ্রামের মনির হোসেনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা এস এস গ্রুপের মালিক শিল্পপতি সাইদুল চৌধুরীর ভাই আবু সালেহর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গতকাল মনির প্রতিপক্ষের লোকজনদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আবু সালেহ এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সাইদুল চৌধুরী এ ঘটনার বিষয়ে মনিরের কাছে জানতে চান। এ সময় মনির, হারুন অর রশিদ, আবজাল হোসেন, ফারুক মিয়াসহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা, হাতুড়ি, টেঁটা, বল্লম নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় সাইদুল চৌধুরী, মনির, আবু ইসলাম, আবু সালেহ, জিসানসহ আটজন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে এলাকাবাসী নারায়ণগঞ্জের ২০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাইদুল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির, মোবারক হোসেন, মোশাররফ মিয়া ও হারুনকে আটক করা হয়েছে।