সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় ১৪ জন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় অপর পক্ষের ১৪ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার চরকিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও চরকিশোরগঞ্জের বাসিন্দা নাসিরউদ্দিনের সঙ্গে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে একই গ্রামের বাসিন্দা আবুল কাশেমের দ্বন্দ্ব চলে আসছে। আবুল কাশেমের লোকজন গতকাল সকালে একটি শিপইয়ার্ড কোম্পানির বালু ভরাটের ঠিকাধারি কাজ করছিলেন। এ সময় জানে আলম, মোসলেম ও খোকন নামের তিন ব্যক্তির নেতৃত্বে ১০-১২ জন লাঠিসোটা, টেঁটা, বল্লম ও রাম দা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা হারুন (৩৬), আওলাদ (২৫), আনিছ (৩০), ইউনুস আলী (৩২), মোজাম্মেলসহ (২৭) ১৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় তাঁরা আবুল কাশেমের কাজে ব্যবহূত একটি ড্রেজিং মেশিনও ভাঙচুর করেন। আহত ব্যক্তিদের সবাই আবুল কাশেমের পক্ষের লোক বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল কাশেম ওই হামলার জন্য নাসিরউদ্দিনকে দায়ী করলেও নাসিরউদ্দিন বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।