সোনারগাঁয়ে প্রতিমা ভাঙচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাইয়াপাড়া ও রামগঞ্জ গ্রামে গত শনিবার রাতে পূজামণ্ডপে প্রবেশ করে দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি সিনহা চন্দ্র বর্মণ ও রামগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি বকুল চন্দ্র বর্মণ জানান, স্থানীয় হিন্দুধর্মাবলম্বী জেলেরা প্রায় শত বছর ধরে এ দুটি গ্রামে গঙ্গা ও শীতলা পূজা করে আসছেন। গত শনিবার রাত ১২টা পর্যন্ত তাঁরা পূজা-অর্চনা শেষ করে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা দুটি পূজামণ্ডপে প্রবেশ করে প্রতিমা ভেঙে রেখে চলে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই ঘটনায় সাতভাইয়াপাড়া পূজা উদ্যাপন কমিটির সদস্য শিবু চন্দ্র বর্মণ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় একটি মামলা করেছেন।