সোনারগাঁয়ে প্রার্থী চূড়ান্ত করতে পারছে না আ.লীগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি প্রার্থী তালিকা চূড়ান্ত করলেও কোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারছে না। মনোনয়নবঞ্চিত হলেই স্থানীয় নেতারা প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনজন করে বিদ্রোহী প্রার্থী হওয়ার আগাম ঘোষণা দেওয়ায় দলীয় প্রার্থীর জয় নিয়ে শঙ্কিত আওয়ামী লীগের নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগ দুভাগে বিভক্ত। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও তাঁর চাচা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। অপর পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। এক মাস ধরে বিভিন্ন ইউনিয়নে প্রার্থী বাছাই করছেন শামসুল ও মাহফুজুর।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নোয়াগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু বলেন, ‘আমি ইউনিয়নের তৃণমূল নেতাদের সবচেয়ে বেশি ভোট পেয়েছি। কায়সারপন্থী হওয়ার কারণে আমার নাম কেন্দ্রে পাঠাতে গড়িমসি করা হচ্ছে। এ ইউনিয়নে আমি দুবারের চেয়ারম্যান।’
এদিকে তৃণমূলের গোপন ভোট নিয়ে অনিয়মের অভিযোগ এনেছেন বৈদ্যেরবাজার ইউনিয়নে পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মাহবুব সরকার। তিনি বলেন, ‘নেতারা আর্থিক অনিয়মে জড়িয়ে আমাকে মনোনয়নবঞ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যায়ভাবে আমার মনোনয়ন কেড়ে নেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হওয়া ছাড়া কোনো পথ খোলা নেই।’ একই অভিযোগ করেছেন সনমান্দি ইউনিয়নের দুই প্রার্থী জাহিদ হাসান ও আমিনুল ইসলাম।
শম্ভুপুরায় মনোনয়নপ্রত্যাশী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগম অভিযোগ করেন, ‘আমি গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অল্প ভোটে পরাজিত হয়েছিলাম। দলীয় নেতারা অনিয়ম করে বিএনপি প্রার্থীকে জয়ী করতে আমাকে মনোনয়নবঞ্চিত করে দুর্বল প্রার্থী মনোনয়ন দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ একই ধরনের অভিযোগ করেন পিরোজপুর, কাঁচপুর, সাদিপুর, জামপুর ও বারদি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কায়সার পক্ষের নেতারা।
জানতে চাইলে শামসুল ইসলাম ভূঁইয়া ও মাহফুজুর কালাম বলেন, তাঁরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন। দলের যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে। বিভিন্ন ইউনিয়নে দলের একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা উল্লেখ করে তাঁরা বলেন, ‘বিদ্রোহী প্রার্থী বেশি হলে দলের প্রার্থীর ভোট কমে যাবে। এ নিয়ে আমরা শঙ্কিত।’
আব্দুল্লাহ আল কায়সার জানান, ‘প্রতিটি ইউনিয়নে আমাদের সমর্থক জনপ্রিয় নেতাদের মনোনয়নবঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ভালো প্রার্থী নির্বাচন করতে ভুল করলে বিদ্রোহী প্রার্থী বেড়ে যাবে, তাতে দলীয় প্রার্থীদের জয় অনেকটা অনিশ্চিত হয়ে পড়বে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানিয়ে রাখা হয়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, ‘আমাদের দলে বর্তমানে কোনো কোন্দল নেই। সবার মতামতের ভিত্তিতে আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। দলের কেউ বিদ্রোহী প্রার্থী হবে না।’