সোনারগাঁয়ে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার হূদয় ফার্নিচার মার্কেটে গতকাল শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটের সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৪০ লাখ টাকা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে হূদয় অটো ফার্নিচার মার্কেটে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের সর্বত্র ছড়িয়ে পড়ে। ডেমরা ফায়ার সার্ভিসের কর্মী, এলাকাবাসী ও পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানদার রমজান আলী প্রথম আলোকে বলেন, আগুনে তাঁর প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।