সোনারগাঁয়ে ফেনসিডিল কারখানার সন্ধান
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে এনার্জি ড্রিংস তৈরির নামে ফেনসিডিল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গত শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানার সন্ধান পায়। এ সময় পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং কয়েক হাজার নকল এনার্জি ড্রিংসের বোতল এবং ফেনসিডিল তৈরির সরঞ্জাম উদ্ধার করে। সোনারগাঁ থানার এসআই আবদুল হক সিকদার বলেন, শনিবার রাতে ওই গ্রামের সুরুজের বাড়ির পাশের একটি পরিত্যক্ত সার কারখানায় অভিযান চালায় পুলিশ। সেখানে পুলিশ দেখতে পায়, হর্স পাওয়ার ফিলিংসসহ বিভিন্ন নামের এনার্জি ড্রিংকসের লেবেল লাগিয়ে ফেনসিডিল বাজারজাত করার প্রস্তুতি চলছে। এ সময় কারখানার কর্মচারী আবু জাফর, মামুন ও জায়েদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কয়েক হাজার বোতল ফেনসিডিল এবং হর্স পাওয়ার ফিলিংসসহ বিভিন্ন নামের এনার্জি ড্রিংকসের ১০ বস্তা লেবেল এবং ফেনসিডিল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী বলেন, এ ঘটনায় মামলা করেছেন।