সোনারগাঁয়ে বউ মেলা শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনের বউ মেলা। হিন্দুধর্মাবলম্বী লোকজন এ মেলার আয়োজন করেছেন।
হিন্দুধর্মাবলম্বী লোকজন জানান, এ মেলায় সাধারণত নববধূ থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা আসেন। পুরোনো বছরের ঝগড়া-বিবাদকে দূরে ঠেলে দিয়ে একজন বাঙালি বধূ যাতে নতুন বছরে স্বামীর সংসারকে ধনসম্পদে ভরিয়ে তুলতে পারেন, সে আশা নিয়ে নারীরা এ মেলায় আসেন।
মেলা উদ্যাপন কমিটির সদস্য নারায়ণ চন্দ্র রায় জানান, এ মেলায় পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি ছিল। শতাব্দীপ্রাচীন যে বটগাছের নিচে মেলা বসে, সেই গাছকে হিন্দুধর্মাবলম্বী লোকজন সিদ্ধেশ্বরী দেবী বলে আখ্যায়িত করেন। তাই অনেকে এ মেলাকে সিদ্ধেশ্বরী দেবীর মেলা বলে থাকেন।
সরেজমিনে দেখা গেছে, মেলা প্রাঙ্গণে বাঁশি, নকশিকাঁথা, প্লাস্টিকের খেলনা, কাঠের বেলুন, বেলচা, চেয়ার, পিঁড়ি, জলচৌকি ও মিষ্টিজাতীয় বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় গ্রামবাংলার শিল্পীদের নিয়ে বাউলগানের আয়োজন করা হয়। নারীদের মেলা হলেও এখানে পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান জানান, গ্রামীণ মেলা যে শুধু নারীকেন্দ্রিক হতে পারে, সোনারগাঁয়ের বউ মেলার এ দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রশাসনের পক্ষ থেকে এ বছর এ মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা দেওয়া হয়েছে।