সোনারগাঁয়ে বউমেলা শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বউমেলা। জয়রামপুর গ্রামের শত বছরের পুরোনো বটগাছের নিচে প্রতিবছরের মতো এবারও এই মেলা বসেছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জয়রামপুর গ্রামের শত বছরের প্রাচীন একটি বটগাছের নিচে এই মেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই হচ্ছে নারী। প্রাচীন এই বৃক্ষটি সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত। কিন্তু এলাকায় এটাকে বলা হয় বউতলা। রমণীদের পদচারণে মুখরিত এই মেলার নাম ‘বউমেলা’। পুরুষেরাও যান, তবে সংখ্যায় কম। প্রতিবছর এই সিদ্ধেশ্বরী কালীতলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার আয়োজন করে। রমণীকুল হাতের রিকাবীতে তরমুজ, কাঁঠাল, কলা, আম, শসা, বাঙ্গি ও মৌসুমি ফল নিয়ে লাইন ধরে বটবৃক্ষতলে ভোগ দেন। মৌসুমি ফলের স্তূপ পড়ে যায় গাছতলায়। স্তূপীকৃত ফল পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদরূপে বিতরণ করা হয়। স্বামী-সংসারের বাঁধন যেন অটুট থাকে আমৃত্যু—এই কামনাতেই পূজার আয়োজন। পূজার পরপরই শুরু হয় পাঁচ দিনব্যাপী বউমেলার।বউমেলায় আসা স্থানীয় জয়রামপুর গ্রামের বাসিন্দা ময়না রানী ও নারায়ণ দাস জানান, পুরোনো বছরের স্বামী-স্ত্রীর বিবাদ দূরে ঠেলে একজন বধূ যেন স্বামীর সংসার ধনধান্যে ভরে তুলতে পারেন, সেই বিশ্বাসে নারীরা এই মেলায় আসেন।