সোনারগাঁয়ে বস্তির শতাধিক ঘর ও দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া বস্তিতে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির শতাধিক ঘর ও দোকানপাট পুড়ে যায়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া বস্তিতে মঙ্গলবার গভীর রাতে সুরুজ সর্দারের কেরোসিন তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বস্তির দোকানপাট ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। দোকানপাটসহ বস্তির শতাধিক বসতঘর ও ঘরে থাকা আসবাব পুড়ে যায়। খবর পেয়ে ঢাকার ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বস্তির বাসিন্দা নারায়ণ চন্দ্র দাস ও মোবারক হোসেন বলেন, আগুনে বস্তির ১০৮টি ঘর ও দোকানপাট পুড়ে গেছে। বসতঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ১০ কেজি চাল ও দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে দেওয়া হবে।