সোনারগাঁয়ে বাবার হাতে ৬ দিনের শিশুকন্যা খুন!
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা গ্রামে গত মঙ্গলবার রাতে পিতার দায়ের কোপে খুন হয়েছে মাত্র ছয় দিনের শিশুকন্যা। এলাকাবাসী নিহত শিশুর বাবাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, সবজি ব্যবসায়ী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার উকিলকান্দি গ্রামের মো. নাসির মিয়ার স্ত্রী পারভীন আক্তারের আগেও দুই দফায় বিয়ে হয়েছিল। তাঁর আগের এক ঘরের অন্তরা নামের একটি কন্যাসন্তান রয়েছে। ছয় দিন আগে জন্ম নেয় একটি কন্যাশিশু। তাঁর নাম রাখা হয় খাদিজা আক্তার। সূত্র আরও জানায়, অন্তরাকে পারভীনের কাছে রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে ঝগড়ার একপর্যায়ে স্বামী নাসির মিয়া স্ত্রী পারভীন আক্তারকে দা দিয়ে কোপ দেন। কোপটি পারভীনের গায়ে না লেগে শিশু খাদিজা আক্তারের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।