সোনারগাঁয়ে বালু মহালে হামলা, আহত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার পার্শ্ববর্তী মেঘনা নদীতে বালু উত্তোলনকারী পাঁচটি ড্রেজারে গতকাল রোববার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ২০ জন ড্রেজার শ্রমিককে পিটিয়ে আহত করে তিন লাখ ৭২ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেঘনা নদীর চরকিশোরগঞ্জ-২ বালুমহালের ইজারা নিয়ে মা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। গতকাল সকালে স্থানীয় গুচ্ছগ্রামের ২০-২৫ জন সন্ত্রাসী দুটি ট্রলারযোগে অস্ত্রসস্ত্র নিয়ে অখিল, খাজা গরীবে নেওয়াজ, দয়াল ভরসা, একতা ও আতিক হাসান নামের পাঁচটি ড্রেজারে হামলা চালায়। তারা টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় ড্রেজারের মালিক আবুল হোসেন, শ্রমিক জামাল হোসেন, ইভান, কামাল, নাজিমউদ্দিনসহ ২০ জন আহত হন। পরে এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা ট্রলার দুটি নদীর তীরে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলার দুটি আটক করে।মা এন্টারপ্রাইজের মালিক জোবে আলম খোকন জানান, স্থানীয় চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাঁর বালুমহাল থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না পেয়ে গতকাল সকালে তাঁর ড্রেজারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে তিন লাখ ৭২ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় আতিক হাসান নামক ড্রেজারের মালিক আবুল হোসেন বাদী হয়ে গতকাল রোববার বিকেলে সোনারগাঁ থানায় মামলা করেছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, বালুমহালের ড্রেজারে হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।