সোনারগাঁয়ে বাসে ডাকাতি, পিটুনিতে এক ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় গত বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের টাকা, মুঠোফোন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। পরে গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে।পুলিশ জানায়, ‘মতলব এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী একটি বাস বুধবার রাত নয়টার দিকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চাঁদপুরের মতলবের উদ্দেশে ছেড়ে যায়। সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় পৌঁছালে ওই বাসে যাত্রীবেশে থাকা ১০-১৫ জনের ডাকাতদল বাসের চালক ও যাত্রীদের অস্ত্র দেখিয়ে জিম্মি করে বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। মদনপুর এলাকায় পৌঁছালে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও বিভিন্ন মালামাল লুট করে নেয়। বাধা দিতে গিয়ে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাসযাত্রী সামাদ, ইকবাল ও কামরুলসহ কয়েকজন আহত হন। এ সময় যাত্রীদের চিৎকারে মহাসড়কে পিকআপ ভ্যানে টহলরত সোনারগাঁ থানা পুলিশের একটি দল বাসটিকে ধাওয়া করে। এ সময় বাস থেকে নেমে দৌড়ে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে রাসেল, নূর ইসলাম, ডালিম ও সুলতান নামের চার ডাকাতকে আটক করে পিটুনি দেয়। গণপিটুনিতে আহত চার ডাকাতকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নূর ইসলাম (৪০) মারা যান। তাঁর বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার বাঘাব গ্রামে।