সোনারগাঁয়ে বিএনপি নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট করেছে আওয়ামী লীগের নামধারী ক্যাডার ও সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।সোনারগাঁ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঙ্গে ফতেপুর দড়িকান্দি গ্রামের আওয়ামী লীগের সমর্থক বজলুর রহমান ও আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে বজলুর রহমান ও আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নামধারী ক্যাডার সালাউদ্দিন, মামুন মিয়া, মোমেন, আবদুল হাই, দেলোয়ারসহ ৩০-৩৫ জনের একটি দল হামলা চালায়। তারা রামদা, বল্লম, টেঁটাসহ বিল্লাল হোসেনের গ্রামের বাসভবনে ঢুকে ঘরের আসবাব লুট করে নিয়ে যায় এবং ঘরের বিভিন্ন স্থানে দা দিয়ে কোপায়। এ সময় সন্ত্রাসীরা বিল্লাল হোসেনের স্ত্রী রাশিদা, মেয়ে বিউটি আক্তারকে পিটিয়ে জখম করে। পরে তারা বিল্লাল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্যাশ বাক্স লুট করে নিয়ে যায়। এ সময় বিল্লাল হোসেন দৌড়ে পালিয়ে এলাকা ছেড়ে চলে যান।বিল্লাল হোসেন অভিযোগ করেন, সোনারগাঁ থানার এসআই আজমিরুজ্জামানের উপস্থিতিতে আওয়ামী লীগের ক্যাডাররা তাঁর বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে। এতে তাঁর ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজমিরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা করেছে, এ কথা সত্য। তবে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সে জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশের অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’ অভিযুক্ত আওয়ামী লীগের সমর্থক বজলুর রহমান ও আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের দলীয় সমর্থকেরা নানা কারণে তাঁর ওপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। এর বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। তবে এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নই।’