সোনারগাঁয়ে বিএনপির নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলমদী আটবাড়ী গ্রামে গত শনিবার রাতে সাইফুল ইসলাম (৪৫) নামের বিএনপির নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গতকাল রোববার থানায় মামলা করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলমদী আটবাড়ী গ্রামের মৃত শাহাবুদ্দিন মেম্বারের ছেলে স্থানীয় বারদী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলামের সঙ্গে একই গ্রামের জয়নাল ভূঁইয়া ও মাজেদুল ইসলামের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শনিবার রাতে বিএনপির নেতা সাইফুল ইসলামকে রাস্তায় একা পেয়ে তাঁর প্রতিপক্ষ জয়নাল ভূঁইয়া, মাজেদুল ইসলাম, কবির হোসেন, তহিরুল ইসলাম ও আলাউদ্দিনের নেতৃত্বে একদল যুবক পূর্বপরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, শাবল, বল্লম, রডসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় সাইফুলকে উদ্ধার করতে গিয়ে তাঁর বড় ভাই মফিজুল ইসলাম, ভাবি নাছিমা আক্তার ও ভাতিজি মলি বেগম সন্ত্রাসীদের হামলায় আহত হন।পরে এলাকাবাসী সাইফুল ইসলামকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সাইফুল ইসলামের স্ত্রী লাকী আক্তার বাদী হয়ে গতকাল সোনারগাঁ থানায় উপরোল্লিখিত ব্যক্তিদের নামে হত্যার মামলা করেন।