বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে এবং আজ রোববারের হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। গতকাল বিকেলে কাঁচপুর বালুমাঠে সোনারগাঁ থানা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন মোল্লা, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শিকদার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আ. রহমান, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, মোশাররফ হোসেন, রিপন আসাদ, মাসুদ প্রমুখ।