নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে স্থানীয় ১১ গ্রামের বাসিন্দারা দুই দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।এলাকাবাসী অভিযোগ করে বলেন, উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামে অবস্থিত তাহেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ আবদুল হক দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা গত শুক্রবার থেকে তাঁর অপসারণের দাবিতে এ কর্মসূচি পালন করছেন। সরেজমিনে দেখা যায়, অধ্যক্ষ আবদুল হককে অপসারণের দাবিতে গ্রামের শান্তিনগর ও মঙ্গলেরগাঁও বাজারে মিছিল ও প্রতিবাদ সভা করেছে।স্থানীয় মঙ্গলেরগাঁও মসজিদ কমিটির সভাপতি মো. আজিজ জানান, মাদ্রাসাটিতে বর্তমানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম চলছে। এসব ঘটনার সঙ্গে অধ্যক্ষ আবদুল হকের জড়িত থাকার প্রমাণ তদন্ত কমিটি পেয়েছে। তাই অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে মঙ্গলেরগাঁও গ্রামের অপর বাসিন্দা আবদুল আজিজ জানান, অধ্যক্ষ একজন ভালো মানুষ। এ ব্যাপারে অধ্যক্ষ আবদুল হক বলেন, ‘কিছু লোকের অন্যায় আবদার না মানার কারণে আন্দোলন হচ্ছে। আমি কোনো দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত নই।’সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন প্রথম আলোকে জানান, মাদ্রাসার অচলাবস্থা দূর করতে শিগগিরই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।